দিনাজপুরের বীরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ছবি : রনজিৎ সরকার রাজ
ছবি : রনজিৎ সরকার রাজ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যদের সঙ্গে বীরগঞ্জ থানা পুলিশ অংশ নেয়।

অভিযানকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮টি বান্ডিল থেকে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫), নবী হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০)কে আটক করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব ও পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”