আতিক ইউএ খান : আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে স্নিগ্ধা চৌধুরীর প্রেস কনফারেন্সের পুরো বক্তব্য শুনলাম। আমি শিউর আপনারা অধিকাংশই পুরো বক্তব্য শুনেননি।
নিউজফিডে যত পোস্ট দেখেছি, সবই খন্ডিত ২-৪ লাইন নিয়ে হাসিঠাট্টা অর্থাৎ ট্রল। মিরপুরে গাড়ি ঢুকে না, বনানীতে ৬ বছর, ৭৫ লাখের গাড়ি, বাংলাদেশ ডুবিয়ে দিবে, ক্ষমতাশালী বয়ফ্রেন্ড, অসম্ভব সুন্দরী... ইত্যাদি অপ্রয়োজনীয় আর হামবড়া ভাবের বক্তব্য দিয়ে ভাইরাল হন স্নিগ্ধা। যার ফলে দর্শকদের একটা অংশ ফোকাস হারিয়ে ফেলেন।
হ্যাঁ, বোকা মেয়েটার আইকিউ কম, কোন পরিস্থিতিতে কি বলতে হয়, সেই বোধবুদ্ধিও বেশ কম। তাই এত সাহসী আর প্রতিবাদী প্রেস কনফারেন্সের মধ্যে বোকার মত কিছু চটকদান লাইন বলে সব গুবলেট করেছে।
শুরুতে বলে নেই, এই প্রেস ব্রিফিং এর আগে স্নিগ্ধা চৌধুরীকে চিনতাম না। চেনার জন্য গুগল করলাম,
স্নিগ্ধা রংপুরের রক্ষণশীল পরিবারের মেয়ে। উচ্চ মাধ্যমিক শেষ করে অর্থনীতি বিষয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেই সময়ে মডেলিং শুরু করেন। এটি করোনাকালের ঘটনা। ইয়োলো, এক্সট্যাসি, নাবিলা, হাউজ অব আহমেদসহ বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডের কাজ করেছন তিনি। স্নিগ্ধার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।
ভারতে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে নামীদামী মডেলদের সাথে ক্যাট ওয়াকে শো স্টপার ছিলেন স্নিগ্ধা।
গত ঈদে রায়হান রাফির "প্রেশার কুকার" সিনেমায় অন্যতম নায়িকার রোল করেছেন। শবনম বুবলির মতই প্যারালাল লিড নারী চরিত্র। আরো কয়েকটা সিনেমায় কাজের কথাবার্তা এগিয়েছে।
তাই একদম সস্তা আর ৩য় শ্রেণীর মডেল বলার উপায় নেই স্নিগ্ধাকে। একটা হাজার কোটির রিয়েল এস্টেট কোম্পানি হতে বছরে ১৫ লাখ টাকা চাইতেই পারেন।
আশিয়ান সিটির ভুক্তভোগী হাজার হাজার গ্রাহক। কিন্তু কেউই প্রেস কনফারেন্সের সাহস দেখাতে পারেননি। স্নিগ্ধা সম্ভবত মামলাও করেছেন। এসব ভূমিদস্যু সাধারণত প্রোজেক্টের একটা অংশ মন্ত্রী, এমপি, ডিসি, ওসি, লেফটেন্যান্ট জেনারেল, আইজি, বিচারক, সচিবসহ অনেককেই উপহার দেন। আর প্রভাবশালী মানুষগুলো এসব প্রজেক্টকে বিভিন্নভাবে শেল্টার দেন।
স্নিগ্ধার মামলায়, নজরুল ইতিমধ্যে আগাম জামিন পেয়েছেন। পাওয়ারই কথা। বসুন্ধরার টিকিও কি ছুঁতে পেরেছে কেউ?
স্নিগ্ধার বক্তব্য কতটুকু সত্য জানি না। তবে অনেকটুকুই সত্য হওয়ার সম্ভাবনা আছে। তদন্ত কমিটি সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে রিপোর্ট দিক।
তবে, কি মনে হয় আপনাদের? স্নিগ্ধা কি আসলেই ন্যায় বিচার পাবেন?
লেখক : মেরিন ইঞ্জিনিয়ার, কলামিস্ট