বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতার বাসভবনে অগ্নিসংযোগ

চট্টগ্রামের চশমা হিলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা।
চট্টগ্রামের চশমা হিলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা।

মুক্তমন রিপোর্ট: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে আন্দোলন চলাকালে এবং পরবর্তী সময়ে ওই বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, সর্বশেষ ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।