চালু হলো পুরাতন মোটরসাইকেলের হাট

চালু হলো পুরাতন মোটরসাইকেলের হাট

মুক্তমন রিপোর্ট: পঞ্চগড়ে প্রথমবারের মতো পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য নির্ধারিত হাট চালু হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের সময় ও ভোগান্তি কমানো এবং তুলনামূলক সুশৃঙ্খল পরিবেশে মোটরসাইকেল কেনাবেচার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সিএন্ডবি মোড়-মীরগড় সড়কে টিটিসি সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে হাটটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক মো. নুরুজ্জামান বাবু

ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, পুরাতন মোটরসাইকেল হাটের আহ্বায়ক কমিটির প্রধান তারেকুজ্জামান তুমুলসহ আয়োজক কমিটির সদস্যরা।

উদ্বোধনকে ঘিরে হাট প্রাঙ্গণে স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক এবং সম্ভাব্য ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত হাট পরিচালনার দাবি জানান।

আয়োজকরা জানান, এতদিন পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য নির্দিষ্ট কোনো হাট ছিল না। ফলে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন স্থানে যোগাযোগ করতে হতো। এতে সময় ও ভোগান্তির পাশাপাশি মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই নিয়েও নানা জটিলতা তৈরি হতো।

নতুন হাটে একই স্থানে ক্রেতা ও বিক্রেতারা মোটরসাইকেলের কাগজপত্র, মালিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করে লেনদেন করতে পারবেন। এতে ক্রেতারা সরাসরি মোটরসাইকেল দেখে পছন্দ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন।

হাটের আহ্বায়ক প্রধান তারেকুজ্জামান তুমুল বলেন, পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ জায়গা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। প্রতি শনিবার নিয়মিত এ হাট বসবে এবং ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ বিবেচনায় স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করা হবে।

আয়োজকদের আশা, নতুন এই হাটের মাধ্যমে পঞ্চগড়সহ আশপাশের এলাকার মানুষ একই জায়গায় বিভিন্ন মডেল ও দামের পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ের সময় ও খরচ কমবে।