দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জের কলেজ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর বিএনপির নির্বাহী সদস্য বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সুজালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।