বাড্ডায় ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Uttor Badda auto
Uttor Badda auto

মুক্তমন রিপোর্ট:

ঢাকা, ১৯ জানুয়ারি (সোমবার): রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে তারা, ফলে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটো রিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

অবরোধকারীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটো রিকশাচলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে এই কর্মসূচি পালন করছেন।

চালকদের অবরোধের ফলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি বাড্ডা থানা-পুলিশও সেখানে যোগ দিয়েছে। বাড্ডা ট্রাফিক জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহার করে ডাইভারশন চালু করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।