বেপজা অর্থনৈতিক অঞ্চলে এলইডি কারখানায় বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এলইডি কারখানা স্থাপনের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
বেপজা অর্থনৈতিক অঞ্চলে এলইডি কারখানা স্থাপনের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

মুক্তমন প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ এলইডি পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ১৫.৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড।

প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৬০ লাখ এলইডি বাল্ব, ল্যাম্প ও ডেকোরেটিভ লাইট উৎপাদনের পরিকল্পনা করেছে। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে রপ্তানি করা হবে।

বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের পরিসর আরও বৈচিত্র্যময় হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং ইকোলেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

ইকোলেটের বিনিয়োগকে স্বাগত জানিয়ে তানভীর হোসেন বলেন, প্রচলিত রপ্তানি খাতের পাশাপাশি উচ্চমূল্য সংযোজন ও প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পণ্য ও রপ্তানি বহুমুখীকরণে বেপজা কাজ করছে।

তিনি বলেন, এলইডি পণ্য উৎপাদন বেপজার পণ্য ও রপ্তানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।

বেপজার মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের রপ্তানি পণ্যের তালিকায় নতুন একটি খাত যুক্ত হবে।