অনলাইন ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।
স্মারক অনুযায়ী, এখন থেকে শপিংমল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত চালু রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমানো হলো।
সরকারের নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে বিভিন্ন ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি ভবন, প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানের আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য ও চলমান মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে এসব আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা কার্যকর থাকবে।
তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিদ্যুৎ বিভাগের নতুন এই নির্দেশনা ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।