শিবগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার

 শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
 শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ

মুক্তমন রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দ করা যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ১ আগস্ট একই ব্যাটালিয়নের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে, মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে অভিযান চালায়। ওই অভিযানে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”