মুক্তমন রিপোর্ট:জুলাই বিপ্লবের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চারুশিল্পী পরিষদের উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা ছবি ও গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ইতিহাস জানার পাশাপাশি সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।
বুধবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদ আয়োজিত শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ’র সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী, মনিরুল ইসলাম ও অভিভাবক ইয়াকুব আলী জুলমতীসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৪ জুলাই ২০২৬ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিশু, ক ও খ—এই তিনটি গ্রুপে মোট ৩১টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।