১১ কর্মদিবসেই তদন্ত শেষ আদালতে অভিযোগপত্র দাখিল

শিশু ধর্ষণ হত্যা মামলা

তদন্ত শেষে আদালতে পুলিশের অভিযোগপত্র
তদন্ত শেষে আদালতে পুলিশের অভিযোগপত্র

মুক্তমন রিপোর্ট: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। মাত্র ১১ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-এর বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী রবিউল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন সকালে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা রবিউল শিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ নির্মম ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, আলামত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনা শেষে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।