মুক্তমন রিপোর্ট: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ চোরাকারবারি পণ্য ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার কচাকাটা থানার ধনিরামপুর গ্রামের নদীসংলগ্ন একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এসব পণ্য জব্দ করে।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ভারতীয় প্যান্টপিসের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা এবং জিরার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক পাঁচজন চোরাকারবারিকে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন—ধনিরামপুর গ্রামের মো. মিজানুর রহমান (৩৫), মো. জাহাঙ্গীর (২৫), মো. জুল হক (২৮), মো. নুর আলম (৩৫) ও মো. জহুরুল ইসলাম (৩৫)।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “পলাতক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।