কমেছে বিমান ভাড়া

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজ

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এবার হজের বিমান ভাড়া ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে সমন্বিত ব্যবস্থার আওতায় এনেছে। ২০২৬ সালে মিনায় ও আরাফায় চার ধরনের সার্ভিস প্যাকেজ থাকলেও আগামী হজে তা কমিয়ে তিনটি করা হয়েছে। একই সঙ্গে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রী বলেন, এসব পরিবর্তনের ফলে হজযাত্রীদের সেবার মান আরও উন্নত হবে।

বিমান ভাড়া কমানোর বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ২০২৩ সালে হজের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। ২০২৫ সালে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। ২০২৭ সালের হজে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

তিনি জানান, ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে। এ সিদ্ধান্তকে হজের বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

হজ প্যাকেজের খরচ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, গত বছরের সর্বনিম্ন প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। এবার ক্যাটারিং বাধ্যতামূলক করা, সার্ভিস প্যাকেজ-ডি বাতিল এবং সৌদি রিয়ালের বিনিময় হার বৃদ্ধির কারণে অতিরিক্ত ৬৬ হাজার ৫৭৪ টাকা খরচ যুক্ত হয়েছে। তবে ২০২৬ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের সঙ্গে তুলনা করলে ২০২৭ সালের সাশ্রয়ী প্যাকেজে ২৮ হাজার ৬৩ টাকা কম খরচ হবে।