২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৪

haam bangladesh
haam bangladesh

মুক্তমন রিপোর্ট : দেশে হাম-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত এই চার শিশুর মৃত্যু হয়। এর মধ্যে বরিশাল-এ দুইজন, ময়মনসিংহ-এ একজন এবং সিলেট-এ একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৮ হাজার ২৫১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজশাহী বিভাগ-এ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টাতেও একই হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ ও শনাক্তের পর মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হামের পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর পিআইসিইউতে চিকিৎসাধীন সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।