মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ কাদের গনি চৌধুরী। এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে।
তবে নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
মুহাম্মদ কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত সংগঠনের সঙ্গে যুক্ত। নতুন দায়িত্বে তিনি একই সঙ্গে বাসসের প্রশাসনিক নেতৃত্ব এবং প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন।