বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়িটি ছিল টিনশেড আধা-পাকা। বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল। পাশেই প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মায়ের তিনতলা বাড়ি রয়েছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণ বা নাশকতার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি কিংবা দেয়ালে পেট্রোল বোমার ব্যবহারের চিহ্নও মেলেনি। এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীও তথ্য দেননি।
তিনি বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগুনে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় পুড়ে গেছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
muktomon/ta