মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়। এ সময় দখল করা জায়গা থেকে দোকান ও বিভিন্ন স্থাপনা সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা-পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Muktomon/TA