পাইলট হওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার : বিমানমন্ত্রী

ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

পাইলট হওয়ার সুযোগ কোনো নির্দিষ্ট পরিবার বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের তরুণ-তরুণী পাইলট হওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

মন্ত্রী বলেন, আগে পাইলটের সন্তান পাইলট হতো। এখন একজন কৃষকের সন্তানও যেন পাইলট হতে পারেন, সে জন্য ট্যালেন্ট হান্টের মাধ্যমে সুযোগ উন্মুক্ত করা হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো এলাকার যোগ্য প্রার্থী পাইলট হওয়ার সুযোগ পাবেন।

শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষার মান উন্নত করতে প্রতিযোগিতামূলক আয়োজন প্রয়োজন। শুধু বিমান পরিবহন মন্ত্রণালয় নয়, প্রতিটি মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে দেশের উন্নয়নে কাজে লাগানো উচিত।

বিতর্ক প্রতিযোগিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধা বিকাশে ভূমিকা রাখে। তাই শুধু জেলা নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে ভবিষ্যতের যোগ্য জনবল ও নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে। আয়োজনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

জেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তা, সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ’—এ বিষয়ে বিতর্কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ প্রাথমিক পর্যায়ে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে ছিলেন তিনজন করে বিতার্কিক।

গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয় ময়মনসিংহের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও তারেক স্মৃতি অডিটোরিয়ামে।

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, শিক্ষার্থীদের বিকাশে খেলাধুলা, প্রযুক্তিনির্ভরতা, বিদ্যালয়ে মিড ডে মিল, অপরাধ দমনে নৈতিক শিক্ষা, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা, ডিজিটাল ডিভাইসের ব্যবহার এবং কোচিং ও গাইডবইয়ের প্রভাবের মতো বিষয় নিয়ে বিতর্ক হয়।

আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য শিক্ষা উপকরণভিত্তিক পুরস্কার রাখা হয়। চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এক লাখ টাকা সমমূল্যের এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পাবে। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশ নেওয়া প্রত্যেক বিতার্কিকের জন্যও উপহারের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Muktomon/TA