চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন করে যোগ হলো ১৪৫ কোটি টাকা

চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প
চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ।

একই বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সাততলা হাসপাতাল ভবন এবং সাততলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের দুটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় হবে ২৩০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৫১৬ টাকা এবং অ্যাকাডেমিক ভবন নির্মাণে ১০৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩০৪ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে অতিরিক্ত ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা যুক্ত হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ম্যাক্স-র‌্যাঙ্কেন (জেভি)।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথম ভেরিয়েশনে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা। এবার দ্বিতীয় ভেরিয়েশনে আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা।

অন্যদিকে, রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় সাততলা হাসপাতাল ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য ভবনটিতে দুর্ঘটনা ও জরুরি বিভাগ, বহির্বিভাগ, পরীক্ষাগার, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বিভাগ থাকবে।

গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এ নির্মাণকাজ। ২৩০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৫১৬ টাকার চুক্তিতে কাজটি পেয়েছে নূরানী কনস্ট্রাকশন লিমিটেড।

এ ছাড়া একই প্রকল্পের আওতায় সাততলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য ভবনটির চুক্তিমূল্য ১০৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩০৪ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।

Muktomon/TA