লালমনিরহাটের মডেল খাল পরিদর্শনে ত্রাণমন্ত্রী

লালমনিরহাটের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল পরিদর্শন করছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাটের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল পরিদর্শন করছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী খালটির উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, সাধারণত খাল খননের উদ্দেশ্য থাকে পানি সংরক্ষণ ও নিষ্কাশন। তবে মণ্ডলেরহাটের এই খালটি কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন ও কুটিরশিল্পসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এ কারণেই এটিকে মডেল খাল হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, খালের দুই পাশে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার হতদরিদ্র মানুষকে সমবায়ভিত্তিক দলে যুক্ত করে মাছ ও হাঁস চাষে সম্পৃক্ত করা হবে। সম্ভাব্য উপকারভোগীদের চিহ্নিত করে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’—এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই খালটিকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা হচ্ছে। ১৯ নভেম্বরের আগে প্রয়োজনীয় কাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরে খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।

খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Muktomon/TA