মুক্তমন রিপোর্ট : সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে সরকারের কাছে জবাব চান।
বক্তব্যে নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে ওই বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাড়িতে থাকা কয়েকটি গবাদিপশু আগুনে পুড়ে মারা যায় বলেও তিনি সংসদকে জানান।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাত থেকেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। তবে পরদিন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন।
নাহিদ প্রশ্ন তোলেন, কোনো ফরেনসিক দল ঘটনাস্থলে না যাওয়া এবং ফরেনসিক তদন্ত না হওয়ার পরও কীভাবে এ ধরনের মন্তব্য করা হলো।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও হামলার ঘটনা ঘটছে। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন তিনি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমনটি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও বলেছেন।
নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন। সরকার তাঁদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’
নাহিদ আরও বলেন, তাঁর আশঙ্কা, রাজনৈতিক সহিংসতার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছেন তাঁরা। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থান নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।
Muktomon/TA