মুক্তমন রিপোর্ট : জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনব্যবস্থা বিলুপ্ত করে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর প্রস্তাব, রাজনৈতিক দলগুলোকে মোট আসনের অন্তত এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের এ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
সংরক্ষিত নারী আসনের প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ বাড়াতে ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। সে সময় প্রত্যাশা ছিল, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে একপর্যায়ে এ ব্যবস্থা বিলুপ্ত হবে। কিন্তু পরবর্তী সময়ে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে।
নিজের ব্যক্তিগত অভিমত জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংরক্ষিত আসনব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে। তাঁর মতে, এ ব্যবস্থা দীর্ঘদিন বহাল থাকলে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও রাজনৈতিক স্বাবলম্বিতা বাধাগ্রস্ত হতে পারে।
স্পিকার বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখন অনেক যোগ্য ও দক্ষ নারী নেত্রী রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে আসার সক্ষমতা রাখেন।
বর্তমান সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এবারের সংসদে ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন নারী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁদের বক্তব্য ও সংসদীয় কার্যক্রমে যোগ্যতার প্রতিফলন দেখা যাচ্ছে। এতে দেশের মানুষের সচেতনতা ও সামাজিক অগ্রগতির বিষয়টিও উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
সংরক্ষিত আসনের বিকল্প হিসেবে স্পিকার প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলকে মোট আসনের অন্তত এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান করা যেতে পারে। এতে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনীতি, দুর্নীতি, নির্বাচনব্যবস্থা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়েও আলোচনা করেন স্পিকার। তিনি বলেন, সর্বদলীয় সংসদীয় ককাস দেশের প্রায় সাড়ে তিন কোটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এবং সংসদের ভেতরে ও বাইরে ইতিবাচক সংস্কারে ভূমিকা রাখতে পারে।