জুলাই বিপ্লবের অংশীজনদের লক্ষ্যবস্তু করার অভিযোগ নাহিদের

জুলাই বিপ্লবের অংশীজনদের লক্ষ্যবস্তু করার অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের অংশীজনদের লক্ষ্যবস্তু করার অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাহিদ ইসলাম

মুক্তমন রিপোর্ট : জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এতে অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে কর্মকাণ্ড চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তি নয় বলে উল্লেখ করেন নাহিদ। তাঁর অভিযোগ, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ লড়াই গণতান্ত্রিক উপায়েই পরিচালিত হবে।

Muktomon/TA