মুক্তমন রিপোর্ট : প্রযুক্তির দ্রুত অগ্রগতি সত্ত্বেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করা হচ্ছে। তাঁর মতে, এটি শুধু ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এ সেমিনারের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হতো না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন। পাশাপাশি বিদেশেও দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব এসব দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি সতর্ক করে বলেন, নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অন্য দেশ এসব তথ্য ব্যবহার করে নিজেদের মতো করে কৌশল ও নীতি প্রয়োগের সুযোগ পেতে পারে।
প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।
প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নৈতিকতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে রিজভী মেরি শেলির উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর উদাহরণ দেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা ও প্রয়োজনীয় আইন প্রণয়ন জরুরি।
সেমিনারে উত্থাপিত সুপারিশগুলো সংকলন করে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের তথ্য সুরক্ষায় এসব সুপারিশের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন।
Muktomon/TA