মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪

 মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত যানবাহন ও ধ্বংসাবশেষ
মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত যানবাহন ও ধ্বংসাবশেষ

মুক্তমন রিপোর্ট : মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। ক্রেনের সাহায্যে বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

সড়কের পাশে যাত্রীদের আসন ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ পড়ে ছিল বলে জানান এএফপির ওই সংবাদদাতা।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। তার আগের মাস আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

সূত্র : আরব নিউজ

Muktomon/TA