ইয়েমেনের এডেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের এডেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণ ও ধোঁয়ার খবর
ইয়েমেনের এডেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণ ও ধোঁয়ার খবর

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) শহরটির বিমানবন্দর এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আলজাজিরার এক সাংবাদিক এডেন থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকেও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পর এডেন বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। গত সপ্তাহেও এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা।

আলজাজিরার সাংবাদিক মহা আলী জানিয়েছেন, হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, তাঁদের যোদ্ধারা এডেনের বদর ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকক্ষ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাঁর দাবি, হামলাটি ছিল নির্ভুল এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে।

সূত্র : আলজাজিরা

Muktomon/TA