সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানব মজুমদারের জনসংযোগ শুরু

সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র মজুমদার মানব
সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র মজুমদার মানব

অরুন কুমার  সরকার  : বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মানবেন্দ্র মজুমদার মানবের নাম স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৯ সালে মানবেন্দ্র মজুমদার মানব চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সন্তোষপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন।

পেশায় ব্যবসায়ী মানবেন্দ্র মজুমদারের পৈতৃক বাড়ি সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামে।

সন্তোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলক মজুমদার বলেন, ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি ও মৎস্যনির্ভর। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় কৃষক ও মৎস্যজীবীদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করতে পারবেন—এমন ব্যক্তির চেয়ারম্যান হওয়া প্রয়োজন। তার মতে, মানবেন্দ্র মজুমদার মানব এ পদের জন্য উপযুক্ত।

গোলক মজুমদার আরও বলেন, মানবের দেশ-বিদেশের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পরিচয় ও সম্পর্ক রয়েছে, যা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

দড়িউমাজুড়ি গ্রামের হরিবর বৈরাগীর ছেলে অরুণ বৈরাগী (কবিরাজ) বলেন, মানবেন্দ্র মজুমদার মানবের স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি সবসময় এলাকার মানুষের কল্যাণের কথা ভাবেন এবং সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বয়সে তরুণ এই নেতাকে স্থানীয়রা সমর্থন করলে তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন বলেও আশা প্রকাশ করেন।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

Muktomon/TA