রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
সমাবেশে আরও বক্তব্য দেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন।
এ ছাড়া যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদকবিরোধী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বীরগঞ্জকে মাদকমুক্ত করতে সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA