নবীগঞ্জে পানির পাম্প বিকল, ৩০ ঘণ্টা ধরে সংকট

 নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় পানির পাম্প বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা।
নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় পানির পাম্প বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা।

মুক্তমন রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় পানির পাম্প বিকল হয়ে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে পানীয় জল ও দৈনন্দিন কাজে পানি না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে রান্নাবান্নাসহ গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৭ অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসার পানির পাম্পটি অকেজো হয়ে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় পুরো এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

এলাকাবাসী জানান, পানি সংকটের বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। প্রতিবারই কাজ চলছে এবং দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হলেও তাঁদের অভিযোগ, পাম্প মেরামতে কার্যকর অগ্রগতি দেখা যায়নি।

পাম্প সচল না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে পানির গাড়ি বা ওয়াটার ট্যাংকার পাঠানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। তবে তাঁদের অভিযোগ, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর সাড়া পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ২৪ নম্বর ওয়ার্ডের সচিব জানান, কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে শহরে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলায় এবং পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণে ব্যস্ত থাকায় এই মুহূর্তে পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, লক্ষাধিক মানুষের পানির মতো মৌলিক সেবা বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিটি করপোরেশন নিয়মিত কর ও ট্যাক্স আদায় করলেও এমন দুর্ভোগে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, পরিস্থিতি জানাতে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে ওয়াসা ও সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকেই ফোন ধরছেন না।

এ অবস্থায় দ্রুত পাম্প মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ চালু এবং ততক্ষণ পর্যন্ত বিকল্প ওয়াটার ট্যাংকারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তবে পাম্প মেরামতের অগ্রগতি সম্পর্কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ওই রাতেই নবীগঞ্জের বিকল পাম্পটির মেরামতকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাতের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Muktomon/TA