প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় জামায়াত নেতা জুবায়ের

প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের সমালোচনা
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের সমালোচনা

মুক্তমন রিপোর্ট : ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার দেওয়াকে ঘুষ নয় বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। জুবায়েরের অভিযোগ, এ ধরনের মন্তব্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং সরকারি কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে।

বিবৃতিতে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। উপহারের নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দেওয়ার লেনদেন নৈতিক বা আইনসম্মত হতে পারে না। 

জুবায়ের আরও বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়ার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির ঝুঁকি তৈরি হতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ থাকা উচিত নয়। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা এবং দুর্নীতিকে বৈধতা দেওয়ার প্রবণতা বন্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে জুবায়ের গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। জুবায়েরের দাবি, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ধরনের বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Muktomon/TA