ময়মনসিংহে মাদক বিরোধের জেরে যুবক নিহত, গ্রেপ্তার ১

ময়মনসিংহের আকুয়া ভাংগারপুল এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত
ময়মনসিংহের আকুয়া ভাংগারপুল এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

মকবুল হোসেন : ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আকুয়া ভাংগারপুল এলাকার বাসিন্দা অন্তরের দোতলার কক্ষে সাদ্দাম হোসেন গেলে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের শরীরে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাদ্দাম হোসেন কোতোয়ালি থানাধীন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অন্তরকে গ্রেপ্তার করেছে। তিনি একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA