ভোক্তা সেবা ডিজিটাল হবে, শক্তিশালী করা হবে অধিদপ্তর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মুক্তমন রিপোর্ট : নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, অধিদপ্তরের প্রযুক্তিগত, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কষ্টার্জিত অর্থ ব্যয় করে কোনো মানুষ যাতে ভেজাল, নিম্নমানের কিংবা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের বিপুলসংখ্যক মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অধিদপ্তরকে আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। একই সঙ্গে বিদ্যমান সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থায় নেওয়ার উদ্যোগ থাকবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের আকার বা পরিচয়ের চেয়ে মানুষের জীবনে তার কার্যক্রমের বাস্তব প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি।

ভোক্তা অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) দিয়ে গবেষণা পরিচালনা করা হবে।

গবেষণার সুপারিশের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, খুব শিগগিরই এ বিষয়ে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ভোক্তারা অধিদপ্তরের সেবা আরও সহজে ও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।

এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ সভায় উপস্থিত ছিলেন।

সভায় অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তাদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Muktomon/TA