মুক্তমন রিপোর্ট : ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে যান কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করে তাঁকে আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে তাঁকে আটক করেন।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, কামাল আহমদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগেও ভারতে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় স্থানীয় লোকজন কামাল আহমদকে অবরুদ্ধ করেছিলেন। সে সময় পুলিশ তাঁকে আটক করে। পরে তিনি জামিনে কারামুক্ত হন।
Muktomon/TA