মুক্তমন রিপোর্ট : জামায়াত ও আওয়ামী লীগকে ‘দেশবিরোধী শক্তি’ আখ্যা দিয়ে দল দুটি আবারও এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালেও দল দুটি এক হয়েছিল বলে তাঁর দাবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, একাত্তরকে কেন্দ্র করে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে বিরোধ তুলে ধরার চেষ্টা করা হয়। তবে তাঁর দাবি, একাত্তরের পরও বিভিন্ন সময়ে দল দুটি এক হয়েছে। জামায়াতের সেক্রেটারির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দল দুটির মধ্যে কখনো নির্বাচনী বা রাজনৈতিক জোট হয়নি—এমন দাবি সঠিক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৮৬ ও ১৯৯৬ সালে দল দুটি নির্বাচনী বা রাজনৈতিক জোট করেছিল।
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে স্নাইপার ব্যবহারের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের পোস্টের প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, ওই যুবক কীভাবে এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেলেন। তাঁর মতে, বিরোধী দলের রাজনীতিকদের উচ্ছৃঙ্খল বক্তব্য এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহ জোগাতে পারে।
প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এ ধরনের হুমকি হত্যার হুমকির শামিল এবং এর জন্য দায় এড়ানোর সুযোগ নেই।
Muktomon/TA