মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও তার স্বামী মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর শিশুটিকে নিয়ে তার চাচাতো বোন শিরিন খাতুন স্থানীয় হাজারবিঘী বাজারে যাওয়ার পথে বোরকা পরা এক নারী শিশুটিকে তার কাছ থেকে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির বাবা শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় সুজিআরা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি শিশুটিকে নিজেদের কাছে লালন-পালনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে। পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে শিশুটিকে পাচারের উদ্দেশ্যের প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শিশুটিকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
Muktomon/TA