দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা করা হয়। এ সময় তাদের ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন লিখিত অভিযোগ নিলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। চার দিন পার হলেও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, হামলার ঘটনাস্থল ‘চড়ুইভাতি পার্টি সেন্টার’-এর সিসিটিভি ফুটেজ এখনো সংগ্রহ করা হয়নি। একই সঙ্গে এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে নোয়াখালী প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।

Muktomon/TA