শাকিল হোসেন : গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আল আরাফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল আল আরাফাত টাঙ্গাইল সদর আদালতপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন সামিউল। পথে উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে।
এ সময় পেছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক সামিউলের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে নাওজোর-সালনা হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।
নাওজোর-সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাফর আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
Muktomon/TA