পোরশায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্যমতে, নিতপুর শীতলী ডাঙ্গাপাড়াগামী ইটের রাস্তার একটি ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রির সময় জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও একজন সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে।

গ্রেপ্তার জহুরুল ইসলাম শীতলী ডাঙ্গাপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাঁর বুক পকেটে থাকা একটি গুলের কৌটার ভেতর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাঁর সহযোগীর ফেলে যাওয়া একটি প্যাকেট থেকে আরও ৩৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা, জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পোরশা থানা পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

Muktomon/TA