ইউটিউবে ঝড় তুলেছে ‘মন দুনিয়া’

‘মন দুনিয়া’ নাটকের দৃশ্যে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
‘মন দুনিয়া’ নাটকের দৃশ্যে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

বিনোদন ডেস্ক : ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনের মধ্যে এক কোটির বেশি ভিউ অর্জন করে আলোচনায় এসেছে নির্মাতা ইমরাউল রাফাতের নাটক ‘মন দুনিয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

গত ৬ নভেম্বর দুপুরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। প্রতিবেদন লেখার সময় এর ভিউ ১ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি নাটকটিতে লাইক পড়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি এবং মন্তব্য এসেছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি।

নাটকের গল্প আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া আবির ও তুলিকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির। সেখান থেকেই সহপাঠী তুলির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পে নতুন মোড় আসে। রাতুলের প্রস্তাব ফিরিয়ে তুলি জানায়, সে আবিরকে ভালোবাসে।

তবে বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি প্রকাশ না করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের সম্পর্কে তৈরি হয় মানসিক দূরত্ব। পরে দুই পরিবারের বিরোধিতা এবং তুলির বাবার দেওয়া শর্তে আরও জটিল হয়ে ওঠে তাদের সম্পর্ক।

পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরের বেশি সময়। দীর্ঘ অপেক্ষা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ। তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ অনেকে।

নাটকটির এই সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এক দিনেই এক কোটি ভিউ অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা।

Muktomon/TA