মধ্যরাতে ফেসবুক লাইভে গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির

গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে কথা বলছেন চিত্রনায়িকা পরীমনি।
গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে কথা বলছেন চিত্রনায়িকা পরীমনি।

মুক্তমন রিপোর্ট : রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘটনার বর্ণনা দেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুর ও শিল্পীদের হেনস্তার অভিযোগ তুলে নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।

ফেসবুক লাইভে পরীমনি জানান, তিনি গুলশান শুটিং ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় কয়েকজনের তোপের মুখে পড়েন। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে লাইভে পরীমনি বলেন, পরিস্থিতি সামাল দিতে তিনি গুলশান থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁর অভিযোগ, পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল।

লাইভে তিনি বলেন, গাড়ি ভাঙচুরের কারণে তিনি গাড়িতে উঠতে পারছিলেন না। অনুষ্ঠানের স্টলগুলোতেও ভাঙচুর চালানো হয়েছে। তাঁর প্রশ্ন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও হেনস্তার শিকার শিল্পীদের দায়ভার কে নেবে?

সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে বিরোধের ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সাংবাদিকদের একাংশ তাঁকে বয়কটের ডাকও দিয়েছিলেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, তাঁর প্রতি কারও ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে আলোচনা করা উচিত। সাধারণ মানুষ ও অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যদের কেন এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ই তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Muktomon/TA