একসঙ্গে অনেক কাজ করেন জানালেন ভাবনা

 ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় ও নিজের নতুন কাজ নিয়ে কথা বলছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় ও নিজের নতুন কাজ নিয়ে কথা বলছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

মুক্তমন রিপোর্ট : অভিনয়, নাচ, ছবি আঁকা ও লেখালেখি—বিভিন্ন সৃজনশীল কাজে ব্যস্ত থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের কাজের ব্যস্ততা, নতুন সিনেমা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি। ভাবনা জানিয়েছেন, তিনি খুব একটা স্থির মানুষ নন; একসঙ্গে অনেক কাজ করতে পছন্দ করেন।

আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ভাবনা অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিব। ক্যারিয়ারে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী।

সিনেমাটি নিয়ে ভাবনা বলেন, এটি তাঁর কাছে বিশেষ একটি কাজ। কারণ, এর আগে বাবার সঙ্গে কাজ না করে নিজের মতো করে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। তবে ‘যাপিত জীবন’-এর মধ্য দিয়ে সেই অবস্থান থেকে বেরিয়ে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দেশের ইতিহাস, সাহিত্য ও নিজস্ব গল্প দর্শকের সামনে তুলে ধরতে চান তাঁরা।

সিনেমাটির শুটিং থেকে মুক্তির প্রস্তুতি পর্যন্ত দীর্ঘ সময় লাগার কারণও ব্যাখ্যা করেছেন ভাবনা। তাঁর ভাষ্য, শুটিং করতেই প্রায় এক বছর সময় লেগেছে। এরপর সম্পাদনা, সেন্সরসহ বিভিন্ন কাজ এবং দেশের পরিস্থিতি বিবেচনায় নিতে হয়েছে। 

বাবার পরিচালনায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে ভাবনা বলেন, অন্য সিনেমার সেটে তিনি মূলত অভিনেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ‘যাপিত জীবন’-এ অভিনয়ের পাশাপাশি দলের অন্যান্য সদস্য ও সহশিল্পীদের বিষয়ও দেখতে হয়েছে। ফলে অভিনয়ের বাইরেও বাড়তি দায়িত্ব সামলাতে হয়েছে তাঁকে।

সিনেমায় আনজুম চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। চরিত্রটি ধারণ করা তাঁর জন্য বেশ কঠিন ছিল বলে জানান তিনি। কারণ, বর্তমান সময়ের মানুষ হিসেবে তাঁকে ১৯৪৭ সালের একজন নারীর মানসিকতা, জীবনবোধ ও আচরণ বুঝে পর্দায় তুলে ধরতে হয়েছে। চরিত্রটির জন্য মানসিক স্থিরতা জরুরি ছিল। অথচ তিনি নিজেই খুব একটা স্থির নন, একসঙ্গে অনেক কিছু করেন।

দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে ভাবনা বলেন, ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষা অর্জনের ইতিহাস বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন। তাঁর মতে, সত্তরোর্ধ্ব বয়সেও তাঁর বাবা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো বিষয় নিয়ে কাজ করছেন, যা দায়িত্বশীলতা ও সাহসের পরিচয়।

এদিকে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমাটি বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তবে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ভাবনা। 

নতুন কাজের বিষয়ে অভিনেত্রী জানান, ‘ঢাকা ১২০৫’, ‘যাযাবর’ ও ‘পায়েল’—তিনটি সিনেমার কাজ চলছে। এর মধ্যে ‘ঢাকা ১২০৫’ ও ‘পায়েল’-এর কাজ শেষের দিকে। ‘যাযাবর’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে তিনটির মধ্যে কোন সিনেমাটি ঈদে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়।

অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখিও চালিয়ে যাচ্ছেন ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লেখা ও আঁকা নিয়মিত প্রকাশ করেন তিনি। কবিতার বই প্রকাশেরও পরিকল্পনা রয়েছে তাঁর। তবে আসন্ন বইমেলাতেই বইটি প্রকাশিত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন অভিনেত্রী।

Muktomon/TA