অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

মা শ্রীদেবী ও নিজের নাকের অস্ত্রোপচার নিয়ে কথা বলছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।
মা শ্রীদেবী ও নিজের নাকের অস্ত্রোপচার নিয়ে কথা বলছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

মুক্তমন রিপোর্ট : নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ে আসার সিদ্ধান্ত থেকে শুরু করে সৌন্দর্য সম্পর্কে তাঁর ধারণা—সব ক্ষেত্রেই প্রয়াত মা শ্রীদেবীর প্রভাব ছিল।

২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী। তবে মেয়ের অভিনয়ে আসার ইচ্ছায় প্রথম দিকে খুব একটা উৎসাহ দেখাননি শ্রীদেবী। মেয়েকে নিজের মতো অভিনয়জগতে দেখতে চাইতেন না তিনি। 

সাক্ষাৎকারে মায়ের সঙ্গে সেই সময়ের কথোপকথনের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। জাহ্নবী জানান, অভিনয়ে আসার ইচ্ছার কথা শুনে প্রথমে বিস্মিত হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে মেয়েকে বলেছিলেন, এই পেশায় আসতে হলে নিজের পুরো জীবনই এর পেছনে দিতে হবে।

মায়ের অবস্থানের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে নিজের নাকের অস্ত্রোপচারের প্রসঙ্গও তোলেন জাহ্নবী। রসিকতা করে তিনি বলেন, অস্ত্রোপচারের পরই হয়তো তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা।

জাহ্নবীর মতে, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তাঁর পারিবারিক অভিজ্ঞতার অংশ। তাঁর মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। মায়ের সেই অভিজ্ঞতা তাঁদের পরিবারে প্রভাব ফেলেছিল বলে মনে করেন অভিনেত্রী। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রেও মায়ের ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি।

Muktomon/TA