মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
এসআরবি-১৫ জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, একটি মানবপাচারকারী চক্র দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে কয়েকজনকে জড়ো করেছে। পরে সেখানে অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য তিনি কয়েক দিন আগে টেকনাফে এসেছিলেন। পরে কয়েক দফা হাতবদলের পর তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায়। তাদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, কক্সবাজার সদর ও টেকনাফের বাসিন্দারা রয়েছেন।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, বিদেশে পাঠানোর কথা বলে একটি সংঘবদ্ধ চক্র তাদের সেখানে জড়ো করেছিল। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে এসআরবি-১৫। তাদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
Muktomon/TA