মুক্তমন রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় প্রসাধনসামগ্রী পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০০ পিস স্কিন সাইন ক্রিম, ৫৯৪ পিস চেইন ও ১৭ জোড়া কানের রিং। সব মিলিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাই পণ্য বিধি অনুযায়ী রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
Muktomon/TA