মুক্তমন রিপোর্ট : বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে পারস্পরিক সম্মতিতে শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের দুই দিনের শান্তি-সংলাপ। সংলাপটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। তবে যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ১০ নভেম্বর আবুধাবিতে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। এর আগে গত ফেব্রুয়ারিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় নয় মাস পর নতুন করে শুরু হওয়া এই সংলাপ ঘিরে যুদ্ধের স্থায়ী অবসানের আশা তৈরি হলেও বড় কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি পক্ষগুলো।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে এবং সংলাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। তবে বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো সুনির্দিষ্ট সমঝোতার ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফও আলোচনার সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে কুশনার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীরা দুই পক্ষের স্বার্থের বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধানের পথে অন্যতম বড় বাধা ভূখণ্ড নিয়ে বিরোধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে এসব অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারেরও দাবি তাঁর।
২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া অঞ্চল চারটিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ, সামরিক সক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপ এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে মস্কো।
পুতিন এসব শর্তের ভিত্তিতে সামগ্রিক শান্তি চুক্তি চান। তবে তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আবুধাবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ভূখণ্ড নিয়ে আলোচনা অচলাবস্থায় পড়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও পুনর্গঠনের বিষয়গুলোতে আলোচনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন।
রয়টার্সকে কুশনার বলেন, দীর্ঘ সংঘাতের পর দুই পক্ষের মধ্যে আস্থার সংকট থাকাটা স্বাভাবিক। তাঁর মতে, ভূখণ্ডসংক্রান্ত বিষয়গুলোর সমাধান সবচেয়ে কঠিন হবে। তবে আবুধাবির বৈঠক এই জটিলতা নিরসনের পথে একটি প্রাথমিক পদক্ষেপ।
কুশনার জানিয়েছেন, তিনি ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন। সেখানে ইউরোপীয় অংশীদারদের শান্তি-প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়টিও তাঁরা তুলবেন। মস্কো সফরের পর মার্কিন প্রতিনিধিদলের আয়ারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের সাক্ষাতের কথা রয়েছে। জেলেনস্কিও ওই সময় ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে অংশ নেবেন।
আবুধাবির আলোচনায় মূল বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান না হলেও যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে বিনিময়ের আওতায় কতজন বন্দিকে মুক্তি দেওয়া হবে, সে সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।কুশনার রয়টার্সকে বলেন, সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি হবে যুদ্ধবন্দিদের সবচেয়ে বড় মানবিক মুক্তি।
সূত্র : রয়টার্স
Muktomon/TA