শেকৃবিতে মেলার স্থাপনা ভাঙচুর

 শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভাঙছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভাঙছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মুক্তমন রিপোর্ট : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটকসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেলার প্রধান অস্থায়ী ফটক ভাঙার কাজ শেষ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে দুপুর ১২টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন। এ সময় তাঁরা মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। স্থাপনাগুলো ভাঙার কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল, কৃষি গবেষণার উপযোগী করে মাঠটি প্রস্তুত করা এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ না করা।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তাঁরা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ ফটকসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

Muktomon/TA