মুক্তমন রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে মাত্র পাঁচ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েই একটি উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে একাধিক সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি বোলাররা।
চা বিরতির আগে পর্যন্ত ২৮ ওভারে এক উইকেট হারিয়ে ১২৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা অবিচ্ছিন্ন ১২৪ রান যোগ করেছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে এখনো ২৭১ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে ৯ উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফিরিয়ে বাংলাদেশকে শুরু এনে দেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করা বলটি মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন মার্করাম। এতে ৫ রানে ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলে জুবায়ের হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। বল সরাসরি তার প্যাডে আঘাত হানলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা। তবে আম্পায়ার নো বলের সংকেত দেওয়ায় বেঁচে যান হামজা। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্টাম্পে আঘাত করত।
ইনিংসের ১৬তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। হাত ফসকে বল তার কপালে আঘাত করলে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত পাওয়ার পরও ওই ওভার শেষ করেন তিনি। পরে কিছু সময়ের জন্য মাঠের বাইরে গেলেও কয়েক ওভার পর আবার মাঠে ফেরেন এই পেসার।
দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলাররা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দলের ইনিংস সামলাচ্ছেন অ্যাকারম্যান ও হামজা।
Muktomon/TA