পাকিস্তানের কাছে হারে কাউকে দোষ দিচ্ছেন না হামজা

পাকিস্তানের কাছে সাফ সেমিফাইনালে হারের পর হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী।
পাকিস্তানের কাছে সাফ সেমিফাইনালে হারের পর হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে এই হারকে ‘ভীষণ হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তবে পরাজয়ের জন্য দলের কোনো খেলোয়াড়কে এককভাবে দায়ী করতে চান না তিনি।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে যোগ করা সময়ের কাছাকাছি সময়ে গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ শেষে মিক্সড জোনে হতাশা প্রকাশ করেন হামজা।

তিনি বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’

পাকিস্তানের একমাত্র গোলটির আগে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের থ্রো থেকে বল পেয়ে আক্রমণে ওঠেন আব্দুল সামাদ। তাঁর করা গোলেই জয় পায় পাকিস্তান। এ ঘটনায় শ্রাবণকে নিয়ে সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়। তবে হামজা মনে করেন, ফুটবলে কোনো একজনকে আলাদা করে দায়ী করা ঠিক নয়।

হামজা বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।’

বিরতির পর পাকিস্তান তাদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল বলেও মনে করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তাঁর ভাষ্য, দ্বিতীয়ার্ধে পাকিস্তান খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে পাওয়া একমাত্র সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে দলটি।

ম্যাচে বাংলাদেশের পক্ষ থেকেও একাধিক গোলের সুযোগ তৈরি হয়েছিল। প্রথমার্ধে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে সুকি ইতোফুসা ও ফারহান আলীরা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

ফুটবলে এমন পরিস্থিতি ঘটতে পারে উল্লেখ করে হামজা বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করতে পেরেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’

উল্লেখ্য, ২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর একই প্রতিপক্ষের কাছে একই ব্যবধানে হেরে এবার বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই।

Muktomon/TA