চাঁদে পৃথিবীর মানচিত্র দেখার দাবি রফিকুল ইসলামের

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি নিয়ে সংবাদ সম্মেলনের প্রতীকী ছবি।
চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি নিয়ে সংবাদ সম্মেলনের প্রতীকী ছবি।

মুক্তমন রিপোর্ট : চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্রের মতো আকৃতি দেখতে পাওয়ার দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তাঁর দাবি, চাঁদের গায়ে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের অবস্থান হুবহু প্রতিফলিত রয়েছে। এ দাবি বিশ্বদরবারে তুলে ধরতে সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার অভ্যাসের কারণে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন বলে তাঁর বিশ্বাস। তাঁর ভাষ্য, কোনো যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তি নয়, বরং আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি এই রহস্যের সন্ধান পেয়েছেন।

রফিকুল ইসলাম জানান, গত বছরের অক্টোবরেও নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তবে স্থানীয়ভাবে বিষয়টি যথেষ্ট প্রচার না পাওয়ায় এবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, “দেশি বা বিদেশি যেকোনো বিজ্ঞানী বা গবেষক যদি আমাকে ডেকে পাঠান, তবে আমি নিজ আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেব চাঁদের গায়ে কোন দেশ বা মহাদেশের অবস্থান কোথায়।”

তিনি দাবি করেন, তাঁর বক্তব্য প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণায় আগ্রহীদের উপকার হবে। এ জন্য সরকারি সহযোগিতা পেলে বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরা সম্ভব হবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের আজ রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থেকে তাঁর দাবির সত্যতা অনুসন্ধানের আহ্বান জানান রফিকুল ইসলাম।

তবে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্রের প্রতিফলন থাকার দাবিটির পক্ষে সংবাদ সম্মেলনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপনের কথা উল্লেখ করা হয়নি।

Muktomon/TA