সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। পৃথক এসব হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের সবাই বিদেশি নাগরিক; তাদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক বলে জানিয়েছে জিএসিএ।

হামলার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলার কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য স্থাপনার চারপাশে নতুন নিরাপত্তা বেড়া স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে কালো ধোঁয়া দেখা যায়।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী এবং ইরান-সমর্থিত হুতি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্যও নতুন সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।